OCD (Obsessive Compulsive Disorder)
A Short Overview On Obsessive Compulsive Disorder
আপনি কি OCD (অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার) ভুগছেন?
যদি আপনার মধ্যে অতিরিক্ত ধোয়ামোছা বা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার অভ্যাস থাকে, বারবার কোনো কিছু চেক বা যাচাই করেন, অনিচ্ছাসত্ত্বেও অযাচিত চিন্তা মাথায় আসে যা সহজে দূর করতে পারেন না, দৈনন্দিন কাজ শেষ করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে, কিংবা আসবাবপত্র, বই, কাপড় বা অন্যান্য জিনিস নির্দিষ্টভাবে গুছিয়ে রাখার প্রবণতা থাকে—তাহলে এটি ওসিডির লক্ষণ হতে পারে।
OCD কী?
OCD (Obsessive Compulsive Disorder) হলো এমন একটি মানসিক ব্যাধি, যার কারণে একজন ব্যক্তি ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে বারবার কোনো চিন্তা বা কাজ করতে থাকে। ব্যক্তির মধ্যে যখন একই রকম চিন্তা বারবার হানা দেয় এবং মানসিকভাবে অস্বস্তিতে ফেলে, তখন তাকে অবসেসিভ চিন্তা বলে। এই অস্বস্তিকর চিন্তা থেকে মুক্তি পেতে ব্যক্তি যে সব কাজ করে তাকে কমপালসিভ কাজ বলা হয়। এই দুটি অবস্থাকে একত্রে OCD (Obsessive Compulsive Disorder) বা সূচিবায় বলে।
কেন হয়?
ওসিডি (অবসেসিভ-কমপালসিভ ডিসঅর্ডার) হওয়ার নির্দিষ্ট কারণ না জানা গেলেও, বেশ কিছু কারণ এই মানসিক রোগের বিকাশে ভূমিকা রাখতে পারে:
সেরোটোনিনের অসামঞ্জস্য: মস্তিষ্কে সেরোটোনিন রাসায়নিকের তারতম্য দেখা যায়।
বংশগত প্রভাব: পরিবারের ইতিহাস বা নিকটাত্মীয়দের আচরণ অনুকরণে উপসর্গ দেখা দিতে পারে।
পরিবেশগত প্রভাব: আচরণ, বিশ্বাস, মূল্যবোধ, কিছু শারীরিক রোগ এবং নির্দিষ্ট মাদকদ্রব্যের প্রভাব রয়েছে।
মানসিক চাপ: পরীক্ষার চাপ, চাকরি হারানো, প্রিয়জনের মৃত্যু ইত্যাদি ঘটনার পর লক্ষণ দেখা দিতে পারে।
OCD কত প্রকার হতে পারে?
OCD বিভিন্ন রকম হতে পারে, তবে এর মধ্যে কিছু সাধারণ ধরন হলো:
Cleaning & Contamination OCD: ব্যক্তি বারবার হাত বা জিনিসপত্র ধোয়া, স্নান করা বা স্পর্শ এড়িয়ে চলেন, কারণ তার মধ্যে এমন সন্দেহপ্রবণতা কাজ করে যে তার আশেপাশে জীবাণু থাকতে পারে।
Obsessional Thoughts or Fears OCD: ব্যক্তির মনে এমন এক ধরনের ভয় কাজ করে, যার কারণে মনে হয় যে কোনো কাজ না করলে খারাপ কিছু ঘটবে। যেমন বাসা থেকে বের হওয়ার আগে বারবার দরজা বা গ্যাসের চুলা চেক করা।
Counting or Symmetry OCD: অস্বাভাবিকভাবে বারবার কোনো কিছু গোনা। আসবাব, বইখাতা, কাপড়চোপড় বা যেকোনো জিনিস নির্দিষ্ট ছকে গুছিয়ে রাখার প্রবণতা দেখা যায়।
Intrusive Thoughts or Images OCD: বারবার নিষিদ্ধ বা বিকৃত যৌনচিন্তা, কাউকে আঘাত করা অথবা নিজের ক্ষতি করার চিন্তা করা।
এছাড়াও অকারণে অপ্রয়োজনীয় জিনিস জমা করে রাখা বা নিজের রোমান্টিক সম্পর্ক নিয়ে সন্দেহবাতিক হয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করাও ওসিডির একটি ধরন।
ব্যক্তিগত জীবনে কি কি সমস্যা তৈরি হতে পারে?
একজন OCD-তে আক্রান্ত ব্যক্তি তার ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক জীবনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। এই ধরনের মানসিক অবস্থা ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে এবং দৈনন্দিন কাজকর্মে অংশগ্রহণে অসুবিধা সৃষ্টি করে।
আক্রান্ত ব্যক্তি মানুষের সঙ্গে মেলামেশা এড়িয়ে চলেন এবং সামাজিক ও পারিবারিক কার্যক্রমে অংশ নিতে অনীহা প্রকাশ করেন।
অনির্দিষ্ট আশঙ্কা ও অতিরিক্ত চিন্তার কারণে তারা একাকীত্ব বেছে নেন এবং বেশিরভাগ সময় ঘরবন্দি হয়ে কাটান।
OCD আক্রান্ত ব্যক্তির কর্মক্ষেত্রে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। বারবার একই চিন্তা বা কাজ করার প্রবণতা কর্মদক্ষতা হ্রাস করে এবং পেশাগত জীবনে অগ্রগতি ব্যাহত করে।
দীর্ঘমেয়াদি মানসিক চাপে থাকলে ব্যক্তি হতাশা, উদ্বেগ এবং অন্যান্য মানসিক রোগে আক্রান্ত হতে পারেন। আত্মবিশ্বাসের অভাব, সমাজ থেকে বিচ্ছিন্নতা এবং একাকিত্বের অনুভূতি তাকে আরও বেশি মানসিকভাবে দুর্বল করে তোলে।
ওসিডি নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু সহজ কিন্তু কার্যকর কৌশল
সচেতনতা বৃদ্ধি করুন:
ওসিডি একটি নিউরোক্যামিক্যাল সমস্যা, তাই এ বিষয়ে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ।
ভয়কে ধাপে ধাপে মোকাবিলা করুন:
ভয়ের মুখোমুখি হন, তবে বাধ্যতামূলক কাজ (কমপালশন) এড়িয়ে চলুন।
যদি বারবার হাত ধোয়ার প্রবণতা থাকে, সঙ্গে সঙ্গে ধোয়ার পরিবর্তে কিছুক্ষণ অপেক্ষা করার চেষ্টা করুন।
মাইন্ডফুলনেস ও রিলাক্সেশন চর্চা করুন:
নিয়মিত মাইন্ডফুলনেস এবং রিলাক্সেশন অনুশীলন করলে মানসিক চাপ কমে এবং ওসিডি নিয়ন্ত্রণে সহায়ক হয়।
চিন্তাগুলো নোট করুন:
ওসিডি সম্পর্কিত চিন্তাগুলো লিখে রাখুন।
আপনার চিন্তাভাবনার ধরন বোঝার চেষ্টা করুন এবং ধীরে ধীরে পরিবর্তন আনুন।
পারফেকশনিজম থেকে বেরিয়ে আসুন:
সব কিছু নিখুঁত হতে হবে এমন ভাবনা থেকে নিজেকে মুক্ত করুন।
নিজেকে বলুন, "আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, সেটাই যথেষ্ট।"
সহায়তা নিন:
পরিবারের সদস্য, বন্ধু বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন।
একা লড়াই করবেন না—সহায়তা নেওয়া সুস্থতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পরিশেষ
ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতোই ওসিডি চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়। এই আচরণগুলোকে স্বাভাবিক ভেবে নেওয়া ঠিক নয়, বরং ধীরে ধীরে কমানোর চেষ্টা করুন। সচেতন থাকুন এবং প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Obsession and Addiction কি একই বিষয়? Whats the difference?